সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের নেতৃত্বে কঙ্গো সফররত একটি প্রতিনিধিদল গত শুক্রবার বুনিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম পরিদর্শন করেছে। এ সময় সেনাপ্রধান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অ্যান্ড্রোমো সেনা ক্যাম্পের শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি ব্যানব্যাট-২ (৫ বীর)-এর ডমিনেশন প্যাট্রোল চলাকালে মিলিশিয়া গ্রুপের হামলায় একজন কর্মকর্তা, একজন জেসিও এবং অন্যান্য পদবির সাতজনসহ মোট নয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ছাড়া আরও চারজন শান্তিরক্ষী সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে জীবন উৎসর্গ করেন।