
দেশে উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে যাঁরা আর্তমানবতার সেবায় জীবন বাজি রেখে নিরলস কাজ করে যাচ্ছেন, সেসব পেশাজীবী মানুষকে সম্মান জানাল সামাজিক সংগঠন ‘সোশ্যাল ল্যাব’। তারা শুক্রবার (১০ এপ্রিল) দেশের লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে সন্ধ্যা সাতটায় একযোগে ‘ক্ল্যাপ ফর দ্য হিরো’ কর্মসূচি পালন করেছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে এ সময় জীবনের ঝুঁকি নিয়ে দিন–রাত কাজ করে যাওয়া ব্যক্তিদের উৎসাহিত করতে একসঙ্গে সব শ্রেণির মানুষ যে যার বাসা থেকে এই করতালি দেয়।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা, সমাজসেবক শাফি মোদ্দাসের খান জ্যোতি, সংগীতশিল্পী শাহীন সামাদ, আঁখি আলমগীর, অভিনয়শিল্পী ঐন্দ্রিলা, মডেল দিলরুবা রুহী, কাজী জাফরিন সুলতানা মুন, সাহিলা নুর, নিপুন, কবি শামীম আজাদ, সাংবাদিক নাদীম কাদের, মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাযহার, মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ্, কবি শেখ মুসলিমা মুন, প্রকৌশলী মেফতা ইসলাম, নৃত্যশিল্পী ডলি ইকবাল, অভিনেতা ফারুক আহমেদ, আব্দুন নূর সজল, সাবিলা নূর, আরমান পারভেজ মুরাদ, আনিসুর রহমান মিলন, মুকিত জাকারিয়া, হিমেল হাফিজ, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনা, শিরিন শিলা, বেসিসের পরিচালক দিদারুল আলম সানি, উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটি গল্প’–এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, নগদের হেড অব মার্কেটিং সোলায়মান সুখন, করপোরেট ট্রেইনার গোলাম সামদানি ডন, মার্কেটিং প্রফেশনাল তাসলিম কবীর, বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনসহ সারা দেশের বিভিন্ন শ্রেণি–পেশার লক্ষাধিক মানুষ এই মহতী কার্যক্রমে অংশ নেন।
করোনাভাইরাসের এই দুর্যোগময় পরিস্থিতিতে বর্তমানে দেশের চিকিৎসক, নার্স, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সাংবাদিক, পরিচ্ছনতাকর্মী, স্বেচ্ছাসেবীসহ একাধিক শ্রেণি–পেশার মানুষ নিয়োজিত রয়েছেন। তাঁদের সম্মানার্থে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিকে সফল করতে আয়োজক প্রতিষ্ঠান ‘সোশ্যাল ল্যাব’–এর সংগঠক শাফি মোদ্দাসের খান জ্যোতি, স্মৃতি আজাদ, সুজন ঢালী, তৌহিদ হোসেন, লিটন হালদার, হোসেন লিপু প্রমুখ মূল ভূমিকা পালন করেছেন।
আয়োজকেরা জানিয়েছেন, জাতীয় এই বীরদের উৎসাহ দেওয়ার জন্য তাদের এই কার্যক্রম চলতে থাকবে। বিজ্ঞপ্তি