কর্মকর্তাকে অপহরণ, এক ঘণ্টা পরে মুক্ত

পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) একটি কারখানার ব্যবস্থাপককে গত সোমবার বিকেলে দুর্বৃত্তরা অপহরণ করে। এক ঘণ্টা পর তিনি মুক্তি পান।
ইপিজেড সূত্রে জানা গেছে, সোমবার কারখানায় দায়িত্ব পালন শেষ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে রহিমআফরোজ গ্লোবাট লিমিটেডের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ইপিজেডের পেছনের ফটক দিয়ে তাঁর রূপপুরের বাড়ি ফিরছিলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মাঠের কাছে এলে তিনটি মোটরসাইকেলে করে আট-নয়জন দুর্বৃত্ত তাঁকে অপহরণ করে নিয়ে যায়।
মোস্তাফিজুর রহমানের বড় ভাই হাফিজুর রহমান জানান, দুর্বৃত্তরা তাঁর ভাইকে সেখান থেকে প্রথমে পাকশী রেলওয়ে কার্যালয়সংলগ্ন পুকুরধার ও পরে পদ্মা নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ রাখার পর দুর্বৃত্তরা তাঁকে ঈশ্বরদী শহরে নিয়ে আসে এবং সন্ধ্যা সাতটার দিকে পুনরায় পাকশীতে নিয়ে এসে রেখে যায়।