সাড়ে ১৬ বছর আগে রাঙামাটি থেকে অপহূত কল্পনা চাকমা ‘অপহরণ মামলায়’ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। তাঁরা মামলাটির অধিকতর তদন্তকাজ শুরু করাসহ সরকারের প্রতি তিন দফা দাবি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল করে এ দাবি জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, অনিল মারমা, ধন বিকাশ চাকমা, মৌরী চাকমা, জ্যোতিষ্মান চাকমা, মংসাইনু মারমা, দেবাশীষ ত্রিপুরা, সুব্রত বড়ুয়া ও জুঁই চাকমা।মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে কল্পনা চাকমা অপহরণ মামলায় সিআইডির চূড়ান্ত প্রতিবেদন বাতিল করে বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা, অভিযুক্ত সেনা কর্মকর্তা ফেরদৌস ও তাঁর সহকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ক্ষতিগ্রস্ত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উভয় সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ১৯৯৬ সালের ১২ জুন কল্পনা চাকমা অপহূত হন। গত বছরের ২৬ সেপ্টেম্বর সিআইডি কল্পনা চাকমা অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন।