আক্কেলপুর

কাউন্সিলর প্রার্থীদের সর্বোচ্চ যোগ্যতা মাধ্যমিক

জয়পুরহাটের আক্কেলপুর পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থীর কেউই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ নন। তাঁদের পাঁচজনের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। একজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও অন্যজন ‘স্বশিক্ষিত’। প্রার্থীদের হলফনামা থেকে তথ্যগুলো জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা হলেন আছমা আরা, বন্দনা রানী, মোছা. নাছিমা আকতার, বিলকিছ বেগম, মোছা. বেদেনা বেগম, মাহবুবা আখতার, লক্ষ্মী রানী।
হলফনামা থেকে জানা যায়, আছমা আরার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি, বন্দনা রানী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, মোছা. নাছিমা আকতার অষ্টম শ্রেণি, বিলকিছ বেগম ‘স্বশিক্ষিত’, মোছা. বেদেনা বেগম অষ্টম শ্রেণি, মাহবুবা আখতার অষ্টম শ্রেণি ও লক্ষ্মী রানী অষ্টম শ্রেণি পাস।
বিষয়টি নিয়ে বন্দনা রানী প্রথম আলোকে বলেন, ‘বিড়াল গায়ের রং কালো বা সাদা যাই হোক ইঁদুর ধরতে পারে কিনা সেটি আসল কথা। আমার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করে আসছি। কাজেই শিক্ষাগত যোগ্যতা বিবেচ্য বিষয় নয়।’
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি বেঁধে দেওয়া নেই। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা হলফনামায় তাঁদের শিক্ষাগত যোগ্যতার যে তথ্য দিয়েছেন, তা ঠিক আছে।