সিঁড়ির রেলিংয়ের ফাঁকা জায়গা দিয়ে পড়ে কামরাঙ্গীরচরে শ্রাবণ (৫) নামের এক শিশু মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানা–পুলিশ জানায়, শিশুটি বাবা-মায়ের সঙ্গে বড়গ্রামের ছয়তলা একটি বাড়ির তৃতীয় তলায় থাকত। দুপুরে খেলতে গিয়ে সে তৃতীয় তলার রেলিংয়ের ওপর ওঠে। এ সময় হঠাৎ রেলিং থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।