ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাবাকে মারধরের অভিযোগে সিরাজ মিয়া (২৫) নামের এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন ওই আদালত পরিচালনা করেন। পুলিশ, গ্রামবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, সিরাজ মিয়া পাঁচ-ছয় ধরে মাদকাসক্ত। গতকাল সকালে সিরাজ বাড়িতে বসে মাদক সেবন করছিলেন। এ সময় তাঁর বাবা তাঁকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর শুরু করেন। আশপাশের লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।