কারাদণ্ড

চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের মামলায় একটি পোশাক কারখানার চেয়ারম্যানসহ দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন মুন স্টার পোশাক কারখানার চেয়ারম্যান আজম খান   ও ব্যবস্থাপনা পরিচালক আকবর খান।

গতকাল সোমবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিছ আক্তার এ রায় দেন।

সরকারি কৌঁসুলি রাশেদুল আলম প্রথম আলোকে জানান, ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ১ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করতে ২০১৩ সালের ৬ মার্চ চেক দেন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা। কিন্তু চেকগুলো প্রত্যাখ্যান হওয়ায় ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তা মোহাম্মদ ফোরকান বাদী হয়ে ওই বছরের ৭ মে মামলা করেন। পরের বছরের ২৮ জানুয়ারি আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। দুই আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।