কালিয়াকৈরে বসতবাড়িতে পোশাকশ্রমিকদের হামলার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে এটিএস অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক তৈরির কারখানাসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে ওই কারখানার শতাধিক শ্রমিক হামলা চালিয়ে ১০টি ঘর ভাংচুর করেন। এ সময় নজরুল ইসলামের লোকজন বাধা দিতে গেলে শ্রমিকেরা তাদের মারধর করেন। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবু বকর বলেন, তাদের কোনো শ্রমিক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।