কালিয়াকৈরে বাস খাদে আহত ৩৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব শ্রীফলতলীতে গত শনিবার দিবাগত রাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৩৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহনের বাসটির চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি বাইপাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত যাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোড়ই হাইওয়ে এসআই জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।