মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের পাঁচজনের বিরুদ্ধে গতকাল রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ১৩ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই পাঁচজন হলেন শামসুদ্দিন আহমেদ (৬০) ও তাঁর ভাই নাসিরউদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮), হাফিজউদ্দিন (৬৬) ও আজহারুল ইসলাম (৬০)। শামসুদ্দিন কারাগারে আটক আছেন। বাকি চারজনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। গতকাল উষ্মা প্রকাশ করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারে না।