মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের ব্যবসায়ী শাহজাহান আলীর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে শাহজাহান আলীর ভাই সাহাব উদ্দিন (২৫), বোন কমলা বেগম (৫০) ও কমলার ছেলে আবু সুফিয়ান (২০) আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার উপজেলার কলিমাবাদ গ্রামের সুমন আহমদ (২২) ও শরীফ উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাত-আটজনের সংঘবদ্ধ ডাকাত দল বৃহস্পতিবার রাত দুইটার দিকে দরজা ভেঙে শাহজাহান আলীর ঘরে ঢোকে। তারা পরিবারের লোকজনকে জড়ো করে বেঁধে ফেলে। এ সময় ডাকাতদের দায়ের আঘাতে সাহাব, সুফিয়ান ও কমলা আহত হন। ডাকাতরা আলমিরা ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ সাত হাজার টাকা লুট করে নিয়ে যায়।কুলাউড়া থানার ওসি মো. কামরুল হাসান জানান, শাহজাহানের পরিবারের লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজনগরের মুন্সীবাজার এলাকা থেকে শরীফ ও সুমনকে গ্রেপ্তার করা হয়।