মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলছাত্রীকে (১২) উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল রোববার দুপুরে সফিকুর রহমান (২৪) নামের এক বখাটেকে আদালত তিন মাসের সাজা দিয়েছেন। সফিকুরের বাড়ি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামে।পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্র জানায়, ছাত্রীটি উপজেলা সদরের কুলাউড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। গতকাল সকালে বিদ্যালয়ে আসার পথে নির্জন স্থানে একা পেয়ে সফিকুর তাকে অশালীন কথা বলেন। এ সময় ছাত্রীটি আত্মরক্ষার্থে দৌড় দিয়ে কয়েকজন পথচারীকে বিষয়টি জানায়। পরে ওই পথচারীরা ধাওয়া করে সফিকুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে উপজেলার নির্বাহী হাকিম ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বখাটেকে তিন মাসের বিনাশ্রম সাজা দেন।