কুষ্টিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল সোমবার দৌলতপুর উপজেলার ফিলিপনগর পিএম কলেজ চত্বর ও কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ফিলিপনগর পিএম কলেজ চত্বরে সকালে শহীদ ইয়াকুব আলীর কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম, শহীদ ইয়াকুব আলী স্মৃতি সংসদ, জাসদ ছাত্রলীগ ও পিএম কলেজের শিক্ষকেরাসহ বিভিন্ন সংগঠন।
পরে কলেজ চত্বরে সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য দেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর জাসদের আহ্বায়ক অধ্যক্ষ রেজাউল হক প্রমুখ।
এদিকে বিকেলে কুষ্টিয়ায় কাজী আরেফ আহম্মেদ স্মৃতি সংসদ এক স্মরণসভার আয়োজন করে।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। স্মৃতি সংসদের সভাপতি শাহাবুব আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী এক জনসভায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের
সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মণ্ডল।