কুষ্টিয়ায় চরমপন্থীসহ গ্রেপ্তার ৪৩

কুষ্টিয়ায় এক রাতে চার চরমপন্থীসহ ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাত থানার পুলিশ গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চালায়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ সন্ত্রাসী রয়েছে। এর মধ্যে ওয়াহাব, মিন্টু, জহুরুল ও এরশাদ নামের চার চরমপন্থী রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, কুষ্টিয়া চরমপন্থী সন্ত্রাসী-অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার পুলিশ সব সময় একটু বেশি সতর্ক থাকে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা আবারও সক্রিয় হতে পারে—এ আশঙ্কায় বিশেষ অভিযান চালানো হচ্ছে।