পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় তিন দিনব্যাপী রাস উৎসব আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে।আগামী বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে। কাল বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরসৈকত কুয়াকাটায় হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা পূণ্যস্নানের পর বিভিন্ন আচার-অনুষ্ঠানে যোগ দেবেন।কলাপাড়া উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দক্ষিণে কুয়াকাটার ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকত। রাসপূর্ণিমা উপলক্ষে উৎসবে যোগ দিতে ইতিমধ্যে দূর-দূরান্ত থেকে পূণ্যার্থীরা কুয়াকাটায় আসতে শুরু করেছেন। উৎসব উপভোগের জন্য দেশি-বিদেশি পর্যটকেরাও আসছেন কুয়াকাটায়।কলাপাড়ার ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় আগত পর্যটক ও দর্শনার্থীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।