কৃমিমুক্ত বাংলাদেশ গড়তে গতকাল মঙ্গলবার থেকে কুড়িগ্রামে শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় রাজারহাট উপজেলায় ওষুধ খেয়ে ৩০ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের এ কার্যক্রমের আওতায় ওষুধ খাওয়ানো হবে।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে কে পাল জানান, সিঙ্গারডাবরী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পর তাদের পেটব্যথা ও বমি শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ শিশুকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর অসুস্থ নয় শিশুকে ভর্তি করা হয়।
গতকাল থেকে শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। সকালে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের এ ওষুধ খাওয়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক-ভাবে কার্যক্রমটি শুরু হয়। ইউএনও মোস্তাফিজার রহমান এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন আনোয়ারুল হক, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।