বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল। গতকাল সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় এক ঘণ্টা এ বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত বিএনপির একজন নেতা জানান, ৫ জানুয়ারির নির্বাচন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি এবং পোশাকশিল্পের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। তবে, এ সম্পর্কে কোনো পক্ষই সাংবাদিকদের কিছু বলেনি। বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জ্যঁ ল্যামবার্ট। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের মিশনপ্রধান উইলিয়াম আনাও বৈঠকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাবেক কূটনীতিক রিয়াজ রহমান, শমসের মবিন চৌধুরী ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।