দুবাইয়ে মা–ছেলের দেখা

খালেদা জিয়া ও তারেক মদিনায়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মদিনায় পেঁৗছালে স্থানীয় নেতা–কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান l ফোকাস বাংলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মদিনায় পেঁৗছালে স্থানীয় নেতা–কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান l ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান গতকাল রোববার সকালে মদিনায় পৌঁছেছেন। এর আগে দুবাইয়ে মা ও ছেলের আবেগময় সাক্ষাৎ হয়। পরে একই বিমানে তাঁরা মদিনায় পৌঁছান। খবর ইউএনবির।
মদিনা থেকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান ইউএনবিকে জানান, সৌদি সময় শনিবার রাত সাড়ে তিনটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালেদা জিয়া, তারেক ও তাঁর পরিবারের সদস্যরা মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে সৌদি আরব বিএনপির একদল নেতা-কর্মী তাঁদের স্বাগত জানান। পরে একটি পাঁচতারকা হোটেলে তাঁদের নেওয়া হয়। মদিনা সফরকালে তাঁরা ওই হোটেলেই থাকবেন। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে তাঁরা এই সফরে রাজকীয় অতিথি হিসেবে দেশটিতে অবস্থান করবেন।
গত শনিবার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেকের সঙ্গে তাঁর দেখা হয়। পরে একই বিমানে তাঁর সঙ্গে যোগ দেন তারেকের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। স্থানীয় প্রত্যক্ষদর্শী বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছেন, প্রায় তিন বছর পর এই সাক্ষাতে মা ও ছেলে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
দুর্নীতির অভিযোগে তারেককে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। পরে ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশে সপরিবারে তিনি লন্ডন চলে যান। এর পর থেকে লন্ডনেই অবস্থান করছেন তিনি। অভিযোগ রয়েছে, হেফাজতে রাখার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের কারণে তারেকের স্পাইনাল কর্ডে গুরুতর আহত হন। তিনি ২০০৮ সালের পর থেকে গতকালই মা ও ছেলের দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। এর আগে খালেদা জিয়া ২০১১ সালে লন্ডন সফরে গেলে তারেকের সঙ্গে তাঁর দেখা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সৌদি আরব সফরকালে খালেদা জিয়া ও তারেক ঈদ-পরবর্তী দলের কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করবেন।
মারুফ খান কামাল বলেন, খালেদা ও তারেক দুই দিন মদিনায় অবস্থান করবেন। তাঁরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করবেন এবং মসজিদে নববীতে েমানাজাতে অংশ নেবেন। তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার মদিনা থেকে বিমানে জেদ্দা এবং ওমরাহ পালন করতে সেখান থেকে সড়কপথে মক্কায় যাবেন তাঁরা।
বিএনপির চেয়ারপারসন প্রতিবছরই ওমরাহ পালন করতে সৌদি আরব যান। ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এই সফরে প্রেস সচিব ছাড়াও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ, বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহ শরীফ কামাল তাজ, সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী ও আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন।