খুলনা নগরে আজ শনিবার বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে আধা বেলা ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা। ভোর ছয়টা থেকে দুপুর ১২টা এ ধর্মঘট পালন করা হয়। এ সময় নগরের সব দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও বিপণিবিতান বন্ধ ছিল।
খুলনা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি সাইফুল ইসলাম সকালে বলেন, ‘বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন, প্রতীকী অনশন ও নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এরপরও কর্তৃপক্ষের টনক নড়েনি। এ জন্য দাবি পূরণে আমরা আধাবেলার এ ধর্মঘট পালন করেছি।’
প্রধানমন্ত্রীর কাছে দাবি নিয়ে একটি স্মারকলিপি দেওয়া হবে বলে ব্যবসায়ীরা জানান।