
খুলনার ডুমুরিয়া উপজেলায় শঙ্খ সিনেমা হলের পাশের একটি ভাঙারির দোকান থেকে ৮০৩টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে। এ ঘটনায় বি এম সোহেল রানা (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ডুমুরিয়ার থুকড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।
এক সংবাদের ভিত্তিতে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সজীব খানের নেতৃত্বে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেনসহ পুলিশের অন্য সদস্যরা অভিযানটি চালান। পরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ বেগমের উপস্থিতিতে এলএমজির ৭৯০টি ও চায়না রাইফেলের ১৩টি গুলি জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান প্রথম আলোকে বলেন, অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর রিমান্ড আবেদন করা হবে।