
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জন্য প্রথম কনটেইনারবাহী জাহাজ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। গতকাল রোববার এমভি উত্তরণ এক্সপ্রেস নামের জাহাজটি আনুষ্ঠানিকভাবে পানিতে ভাসানো হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, সহকারী নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এস এ এম এ আবেদীন ও খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর কে কামরুল হাসান।
নদীর প্রতি গভীর ভালোবাসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে শাজাহান খান বলেন, ‘নদীই আমাদের প্রাণ। এই নদীকে ভালোবেসে কবি-সাহিত্যিকেরা অনেক গান–কবিতা রচনা করে গেছেন। আর সেই নদীকেই বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে।’
এমভি উত্তরণ জাহাজটির দৈর্ঘ্য ৭৬ মিটার, প্রস্থ ১৫ মিটার, গভীরতা ৭ মিটার, ড্রাফট ৩ দশমিক ৮০ মিটার, ধারণক্ষমতা ১৫৮টি কনটেইনার, গতি ১০ নটিক্যাল মাইল, জাহাজটির ওজন তিন হাজার ৫৭০ মেট্রিক টন। নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিসির জন্য দুটি জাহাজ নির্মাণকাজের দায়িত্ব খুলনা শিপইয়ার্ডকে দেয়।