মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর চৌদ্দকাহনিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে গতকাল সোমবার রাতে জসিম উদ্দিন নামের একজন গরুর ব্যাপারির এক লাখ চার হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম উদ্দিন ছয়জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
জসিম উদ্দিনের দেওয়া তথ্য ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রাতে মতলব উত্তর উপজেলার বেলতলী বাজার থেকে গরু বিক্রির টাকা নিয়ে গ্রামে ফিরছিলেন জসিম। সঙ্গে ছিলেন তাঁর ইঞ্জিনচালিত নৌকার চালক আক্তার ও তাঁর ভাতিজা সানাউল্লাহ। পথে সশস্ত্র একদল দুর্বৃত্ত তাঁদের ওপর আক্রমণ করে। এ সময় তাঁদের তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দুর্বৃত্তরা। তাঁদের কাছে থাকা তিনটি মুঠোফোনও কেড়ে নেয় তারা।
এ ব্যাপারে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, পুলিশ আসামিদের আটক করতে অভিযান শুরু করেছে।