ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল শুক্রবার রাতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। ডাকাতি করতে গিয়ে তাঁরা জনরোষের শিকার হন।
নিহত তিন ডাকাতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আবদুল মান্নান ও সাইফুল ইসলাম। তাঁরা দুজনেই গফরগাঁও উপজেলার বাসিন্দা।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ত্রিশাল উপজেলার বইলর-কালিরবাজার সড়কের কাচারিঘাট রাজাবাড়ী এলাকায় গতকাল রাত ১০টার দিকে ডাকাতি করার সময় এলাকাবাসী তাঁদের ঘিরে ফেলেন। এ সময় জনতার পিটুনিতে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যান। অপর ডাকাত গণপিটুনিতে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিচয় পাওয়া যায়নি।