ত্রাণের দাবিতে আজ শনিবার গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর ফাঁরাজ খাঁর বাজার এলাকায় মানববন্ধন করেছেন কর্মহীন হয়ে পড়া দিনমজুরেরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বোয়ালী-পিয়ারাপুর সড়কে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিম পিয়ারাপুর গ্রামের সৈয়দ আলী, চা–দোকানি আজিজ মিয়া, শাহ আলম, রিকশাচালক মজনু মিয়া, নির্মাণ শ্রমিক আনু প্রমুখ।
মানববন্ধনে বোয়ালী ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন এসব মানুষ। কয়েকজন অভিযোগ করেন, গ্রামে কাজ নেই। তাঁরা ঋণ করে চলছেন। অথচ চেয়ারম্যান-মেম্বারদের স্বজনপ্রীতির কারণে তাঁরা ঘরবন্দী থেকেও খাদ্যসহায়তা পাচ্ছেন না। সরকারি খাদ্যসহায়তা পেতে সেনাবাহিনীর মাধ্যমে খাবার বিতরণের দাবি জানিয়েছেন তাঁরা।
তবে বোয়ালী ইউপি চেয়ারম্যান এম এ মাজেদ উদ্দিন খান দাবি করেন, ইউনিয়নে ১২ হাজার পরিবার খানা আছে। এর মধ্যে স্বচ্ছ পরিবার রয়েছে ৩ হাজার। অবশিষ্ট ৯ হাজার পরিবার নিম্ন আয়ের। তিনি বলেন, উপজেলা পিআইওর দপ্তর থেকে এ পর্যন্ত ৪০০ প্যাকেট বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে শুধু ৮৫টি প্যাকেটে ছিল ১০ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ১ কেজি ডাল দেওয়া হয়েছে। অবশিষ্ট ৩১৫টি প্যাকেটে ছিল মাত্র ১০ কেজি করে চাল।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা (পিআইও) আনিসুর রহমান বলেন, ৯ এপ্রিল পযর্ন্ত ৮৬ মেট্রিক টন চাল, শিশু খাদ্য বাবদ ৩১ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্য ১৩টি ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মধ্যে ৭২ টন চাল ও ২ লাখ ৭০ হাজার টাকার আলু, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসহায়তা ৭ হাজার ২০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য বিতরণ অব্যাহত আছে। এ ছাড়া আজ আরও ১৪ মেট্রিক টন চাল ও শিশু খাদ্য বাবদ ৩১ হাজার টাকাসহ ১ লাখ ২১ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে এসব মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হবে।
জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্যসহায়তা বাবদ এ পর্যন্ত ৭৯৫ মেট্রিক টন চাল ও শিশু খাদ্য বাবদ ৪ লাখসহ ৩৭ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্য ৬৫৮ মেট্রিক টন চাল ও শিশু খাদ্যসহ ২৯ লাখ টাকার খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। জেলা প্রশাসক বলেন, কর্মহীন বঞ্চিত এসব পরিবারের মধ্যে জরুরি ভিত্তিতে সরকারি খাদ্যসহায়তা পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাপশন: সামাজিক দূরত্ব বজায় রেখে পিয়ারাপুর ফাঁরাজ খাঁর বাজার এলাকায় মানববন্ধন করেছেন কর্মহীন দিনমজুরেরা। ছবি: প্রথম আলো