গাছ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে গাছ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীর হাসপাতাল সড়ক এলাকায় গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম রাজিবুল ইসলাম ওরফে রাজন (১৮)। তিনি পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও পাকশী মেরিনপাড়ার আবুল কালামের ছেলে।
নিহতের পরিবার ও পাকশী পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড়ে পাকশীতে বড় কয়েকটি গাছ ও ডালপালা ভেঙে পড়ে। এসব গাছের ডালপালা কাটার জন্য গতকাল দুপুর ১২টার দিকে রাজিবুল তাঁর বন্ধু রুবেলকে নিয়ে পাকশী রেল হাসপাতাল সড়কে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ অফিসসংলগ্ন একটি বড় কড়ই গাছে ওঠেন। এ সময় তিনি ডাল ভেঙে প্রায় ২০০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়।