গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মো. স্বপন মিয়া (২৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রোববার রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করেছেন স্বপনের বাবা পশ্চিম ধীরাশ্রম এলাকার আজিজুল ইসলাম। মামলায় ধীরাশ্রমের মো. আলম মিয়া (৩৪) ও সদর উপজেলার ময়রান এলাকার মামুন মিয়ার (২৮) নাম উল্লেখ করে অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আসামি আলমকে রোববার রাতেই ধীরাশ্রম এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।মামলার এজাহার ও এলাকাবাসীর ভাষ্যমতে, স্বপন ধীরাশ্রম রেলগেট এলাকায় মনিহারি ব্যবসা করতেন। রোববার রাত পৌনে আটটার দিকে মামাতো ভাই শহীদুল্লাহকে নিয়ে তিনি ঢাকা বাইপাস সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে আলম ও মামুন মিয়াসহ আরও তিন-চারজন সন্ত্রাসী তাঁদের গতিরোধ করে। সন্ত্রাসীরা চাপাতি দিয়ে স্বপনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর অবস্থায় স্বপনকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।