গুলশান ও শোলাকিয়ায় হামলার নিন্দা আহমদ শফীর

গুলশান, শোলাকিয়াসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, শক্তিশালী কোনো পক্ষের ইন্ধন ছাড়া বিচ্ছিন্ন গুটি কয়েক অপরাধীর পক্ষে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা অসম্ভব।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহ আহমদ শফী এ কথা বলেন। তিনি বলেন, বেছে বেছে বিদেশি নাগরিক, অমুসলিম ও ধর্মীয় ব্যক্তিত্বদের হত্যা, হত্যার হুমকি, মসজিদ, মন্দির ও গির্জায় হামলার প্রচেষ্টা চরম উদ্বেগজনক। সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনের ইন্ধনদাতাদের খুঁজে বের করা জরুরি।
বিবৃতিতে শাহ আহমদ শফী শান্তির ধর্ম ইসলামের সঠিক শিক্ষা সর্বত্র পৌঁছে দিতে দেশের আলেম সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার এবং এ কাজে আলেমদের সহযোগিতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ইমাম-খতিবদের খুতবা নজরদারি করতে সরকার ও প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তারও বিরোধিতা করেন তিনি।
শাহ আহমদ শফী দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরা পড়ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যে মাত্রার অপরাধের ঘটনা দেখা যায়, তা মাদ্রাসায় সম্পূর্ণ অনুপস্থিত। অথচ নজরদারির কথা বলা হচ্ছে মসজিদের খতিব ও ওয়াজ মাহফিলকে।