গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকল কর্তৃপক্ষের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় সংঘর্ষের আগে করা চার মামলায় সাঁওতালসহ ৭১ জন ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। চিনিকল কর্তৃপক্ষ দুটি ও পুলিশ দুটি মামলা করে। জামিন আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৭১ জনকে জামিন দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবু ওবায়দুর রহমান, সামিউল আলম সরকার ও মাহজাবিন রাব্বানী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
সূত্র বলছে, চিনিকলের জায়গা দখল, অবৈধভাবে খামারে প্রবেশ ও কর্মচারীদের মারধরের অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে গত বছর ২৪ সেপ্টেম্বর রংপুর চিনিকল কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করে। তার আগে ১২ জুলাই উচ্ছেদে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশের এসআই আখতারুজ্জামান একই থানায় ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। গোবিন্দগঞ্জ থানার আরেক এসআই আবদুল গফুর ৭ আগস্ট পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। অবৈধভাবে ঘর তোলার অভিযোগে গত বছরের ৩ জুলাই রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ১২ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।