গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ, সভা

সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

গোয়াইনঘাট বাজারের মিতালী রেস্টুরেন্টের সামনে গত ৩ জুলাই উপজেলা যুবলীগের সদস্য সরওয়ারের নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী নজরুল ইসলামের ওপর হামলা চালান। এতে তাঁর হাতের কবজি, পেট ও পায়ে গুরুতর জখম হয়। বর্তমানে নজরুল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।