নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি চায়ের দোকানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে দগ্ধ হয়ে মো. ফাহিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মুছাপুর ইউনিয়নের বাগদা বাজারে এ ঘটনা ঘটে।
অপর তিন দগ্ধ ব্যক্তি হলেন চা দোকানের মালিক মো. মামুন (২০) এবং সাফায়েত হোসেন (১১) ও মো. জিসান (১০)। দগ্ধ সাফায়েত হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুনে শিশু ফাহিমের পুরো শরীর পুড়ে যায়। হাসপাতালে আনার পর তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ঢাকায় নেওয়ার আগেই রাত পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কোম্পানীগঞ্জ স্টেশনের কর্মকর্তা আজিজুল হক বলেন, দোকানের মালিক মামুন সিলিন্ডারের মুখ দিয়ে গ্যাস বের হতে দেখে তা বন্ধ করতে গেলে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে কেরোসিনের পাত্র ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তিন শিশুসহ চারজন দগ্ধ হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ফাহিম দক্ষিণ মুছাপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।