শেরপুর জেলা সদরের গাজীরখামার ইউনিয়নের শালচুড়া গ্রামে গতকাল মঙ্গলবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন শালচুড়া গ্রামের আবদুল জলিলের ছেলে মামুন (২৩) ও শামীম (২০) এবং একই গ্রামের ইয়াদ আলীর ছেলে মাসুদ (১০)। গুরুতর অবস্থায় তাঁদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মামুন ও মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শালচুড়া গ্রামের আবদুল জলিলের ছেলে মামুন গ্যাস বেলুন বিক্রি করেন। গতকাল সকালে বাড়িতে বসে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফোলাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।