চট্টগ্রামে থানায় আটকে রেখে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই দুজন হলেন নগরের বায়েজীদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক ও মোহাম্মদ রুবেল হাওলাদার।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহানের আদালতে মামলাটি দায়ের করেন বায়েজীদ বোস্তামী এলাকার বাসিন্দা রেজিয়া বেগম। পরে আদালত বিষয়টি তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন।
বাদীর আইনজীবী সৈয়দ জহির হোসেন প্রথম আলোকে বলেন, নগরের বায়েজীদ বোস্তামী সুলতান মার্কেটের উল্টো দিকে বাদী রেজিয়া বেগমের একটি দোকান রয়েছে। ওই দোকানের কর্মচারী জাহাঙ্গীর আলম ও মো. ইব্রাহিমকে ১১ অক্টোবর রাতে বায়েজীদ বোস্তামী থানার এসআই রুবেল হাওলাদার ধরে নিয়ে আসেন। দোকনটিও বন্ধ করে দেয়। থানায় যোগাযোগ করা হলে এসআই একরামুল ও রুবেল দুই কর্মচারীকে ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় দুই কর্মচারীকে আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে তাঁরা জামিন পান। তাই সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দাবির অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই এসআই। তাঁরা আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রেজিয়া বেগমের দোকানে মাদকের আড্ডা বসত। স্থানীয়দের অভিযোগ পাওয়ায় পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। থানা থেকে ছাড়তে কোনো ঘুষ দাবি করা হয়নি।