আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের দুই কনস্টেবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন মুন্সিগঞ্জের চরপাথালিয়ার মোতাহার হোসেন (২৮) ও শেরপুরের বুটমারি গ্রামের মো. ছামিদুল ইসলাম (৩০)। তাঁরা দুজনই ২ মে মালির মিশনে যোগ দিয়েছিলেন।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মালি মিশন সূত্র জানায়, গত রোববার স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ কন্টিনজেন্টের অবস্থানের ওপর দিয়ে প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে গেলে বাংলাদেশি দুই কনস্টেবলের প্রাণহানি ঘটে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। তবে মিশনের অন্য পুলিশ সদস্যরা নিরাপদে রয়েছেন।
মোতাহার হোসেন ২০০৭ সালে এবং মো. ছামিদুল ইসলাম ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।