চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজে গতকাল বুধবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনিসুজ্জামান নামে প্রথম বর্ষের এক ছাত্র গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ব্যক্তিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেন। পুলিশ ও কলেজের ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এমইএস কলেজে ছাত্রলীগের সাবেক নেতা মামুনুর রশীদ ও মশিউর রহমানের পক্ষের কর্মীদের মধ্যে বিরোধ চলছিল।