ফেনীতে ট্রেন বিকল

চট্টগ্রামের সঙ্গে নয় ঘণ্টা রেল চলাচল বন্ধ, আহত ৩

ফেনীতে গতকাল সোমবার ভোরে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় নয় ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। পরে লাকসাম ও চট্টগ্রাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যোগাযোগ পুনঃস্থাপন করে।রংপুর থেকে মালবাহী একটি ট্রেন (এমটি-৯৮২) ফেনীর দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকায় পৌঁছালে এর ইঞ্জিনটি বিকল হয়ে যায়। লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালেও এর ধাক্কায় বিকল ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় দুই ট্রেনের তিনজন আহত হন। এতে ভোর তিনটা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেনের যোগাযোগ বন্ধ থাকে।