
ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে উদ্যাপিত হলো চট্টগ্রামে আইইএলটিএস কোর্স শুরুর ২৫ বছর পূর্তি। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় নগরের একটি চার তারকা হোটেলে বসেছিল বর্ষপূর্তির এ আয়োজন। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, ভিডিও চিত্র প্রদর্শনী ও কেক কাটা।
শুরুতে ছিল আলোচনা। এ পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামিনেশনস সার্ভিসেস পরিচালক দীপ অধিকারী। তিনি বিশ্বব্যাপী আইইএলটিএসের নিরাপত্তা, চাহিদা, বাস্তবতা ও প্রশাসনিক গ্রহণযোগ্যতার বিষয়গুলো উপস্থাপন করেন। এরপর বাংলাদেশে আইইএলটিএসের বিভিন্ন বিষয় তুলে ধরতে মঞ্চে আসেন ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ব্যবস্থাপক নাফিজ জামান। এ সময় আইইএলটিএসের ২৫ বছর পূর্তি নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম ও আইইএলটিএস নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন দর্শকেরা। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের আইইএলটিএস অ্যাডমিনিস্ট্রেটর ফাহমিদা খানম।
প্রশ্নোত্তর পর্ব শেষে কেক কাটা হয়। ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের সেন্টার ব্যবস্থাপক নাহিদ খান বলেন, বিভিন্ন ইমিগ্রেশন এজেন্সি, বিদেশে উচ্চশিক্ষা-সম্পর্কিত কাউন্সেলিং এজেন্সি এবং অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে আইইএলটিএসের সুদীর্ঘ যাত্রা এবং সাফল্য উদ্যাপন করা এ আয়োজনের উদ্দেশ্য।