অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে পাঁচ দিন চট্টগ্রাম নগরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালাবে পুলিশ। এর অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও শিক্ষামূলক নাটক প্রদর্শন করা হবে। আজ বেলা ১১টায় নগরের লালদীঘি মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, নগরের ১৬ থানার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পাঁচ দিন উঠান বৈঠক ও নাটিকা প্রদর্শন করা হবে। এতে জঙ্গি, সন্ত্রাস, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হবে। চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এবং মহানগর পুলিশের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে।