
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তার চারজনকে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
অভিযুক্ত চারজন হলেন ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক আজিউর রহমান ওরফে আসাফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমদাদুল হক ও মেট্রোপলিটন সায়েন্স কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল সাহেদ।
গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি করে পুলিশ। এতে ফেসবুকের মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে গুজব ও কুৎসা রটানোর অভিযোগ আনা হয়। ওই দিন দুপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নগরের কোতোয়ালি থানার জামালখান প্রেসক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। প্রথমে ছাত্রলীগ এসে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা আবার জড়ো হলে পুলিশ এসে চারজনকে আটক করে নিয়ে যায়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উসকানি দেওয়ায় চারজনের বিরুদ্ধে করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে কোতোয়ালি থানা-পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ দিকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক পোস্ট দেননি উল্লেখ করে নির্দোষ দাবি করেছেন আসামিদের আইনজীবীরা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, আদালতের আদেশটি হাতে পাওয়ার পর আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে থানায় আনা হবে।