
চট্টগ্রামে কোতোয়ালি থানার পাশে বাংলাদেশ ব্যাংকের সীমানাদেয়াল ধসে পড়ে সাত পথচারী ও হকার আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে কোতোয়ালি থানার পাশে ব্যাংকের সীমানাদেয়ালে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দেয়ালটি ধসে পড়ে।
আহত ব্যক্তিরা হলেন সেন্টু মোহাম্মদ (২৮), মো. সেলিম (৩১), দীপক ধর (২৮), বেলাল (৩৫) ও পলাশ (৫৫)। বাকি দুজন অজ্ঞাতনামা। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় প্রতিদিনের মতো হকাররা ফুটপাতে বসে বিভিন্ন পণ্য বেচাকেনা করছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংক ভবনের মালপত্র নিয়ে ট্রাকটি ব্যাংকের সীমানাদেয়ালের সামনে-পেছনে ধাক্কা দেয়। এতে দেয়ালটি ভেঙে পড়ে। দেয়ালটি ফুটপাতের ওপর পড়লে হকার ও পথচারীরা আহত হন। আহত দুজন অচেতন থাকায় তাঁদের নাম-ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।