চট্টগ্রামে বৃষ্টিতে বাড়তি রিকশাভাড়ার বিড়ম্বনা

চট্টগ্রামে বৃষ্টিতে জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়ে বাড়তি রিকশাভাড়ার বিড়ম্বনায়ও পড়েছেন অনেকে
ছবি: প্রথম আলো

আষাঢ়ের দ্বিতীয় দিনেও বৃষ্টির ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের নগরবাসী। বৃষ্টিতে জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়ে বাড়তি রিকশাভাড়ার বিড়ম্বনায়ও পড়েছেন অনেকে। চালকেরা বলছেন, বৃষ্টির কারণে একটু বেশি ভাড়া চাইছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই নগরীতে থেমে থেমে বৃষ্টি হয়। তবে কোথাও তেমন পানি জমেনি। নগরীর কাতালগঞ্জসহ নিচু কিছু এলাকায় রাস্তায় সামান্য পানি রয়েছে। তবে এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে না। এরপরও গন্তব্যে পৌঁছাতে বাড়তি রিকশাভাড়া দিতে হয়েছে অনেককে।

নগরীর কাতালগঞ্জ থেকে জিইসি মোড় এলাকায় রিকশায় নিয়মিত অফিসে যান ফাহিম উদ্দিন। সকালে তিনি প্রথম আলোকে বলেন, অন্যান্য দিন ৪০ টাকায় অফিসে যেতেন। বৃষ্টির কারণে আজ তাঁকে ২০ টাকা বাড়তি দিয়ে যেতে হয়েছে।

শুধু ফাহিম নন, সকাল থেকে বৃষ্টির অজুহাতে বাড়তি ভাড়া গুনতে হয়েছে আরও অনেক যাত্রীকেই। বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে কয়েকজন রিকশাচালক বলেন, বৃষ্টিতে ভিজে রিকশা চালাতে কষ্ট বেশি। অসুস্থ হয়ে পড়ারও ভয় থাকে। এ জন্য একটু বেশি ভাড়া চাইছেন।

নগরীর কাতালগঞ্জসহ নিচু কিছু এলাকায় রাস্তায় সামান্য পানি রয়েছে

এদিন নগরীতে বাসসহ অন্যান্য গণপরিবহনেও যাত্রীদের ভিড় দেখা গেছে। ছিল বৃষ্টি উপেক্ষা করে গাড়িতে ওঠার প্রতিযোগিতাও। তবে এসব গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ দুপুরে প্রথম আলোকে বলেন, যেহেতু বর্ষাকাল চলছে, তাই থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষার স্বাভাবিক বৃষ্টি হলেও কোনো সতর্কতা সংকেত নেই। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমলেও রাতে আবার বাড়তে পারে।