চট্টগ্রামের যানজট নিরসনে মুরাদপুর থেকে জিইসি মোড় পর্যন্ত এক কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসেতু নির্মাণ করা হবে। নির্মাণকাজ শুরু হবে আগামী জুলাই মাসে আর শেষ হবে ২০১২ সালের জুনে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি টাকা। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্পসহ এক হাজার ৩৩০ কোটি টাকার ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। এতে হতদরিদ্রদের বসবাসের জন্য ৬০৯ কোটি টাকা ব্যয়ে আশ্রয়ণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অনুমোদনও দেওয়া হয়।