চট্টগ্রামে হাফ পাসের মানববন্ধন, ‘নেতা হতে আসি নাই, নিরাপদ সড়ক চাই’

বুধবার চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ পাসের দাবিতে আজ বুধবার চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা চট্টগ্রামে গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে স্লোগান দিতে থাকেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। তাঁদের সামনে থাকা ব্যানারে লেখা ছিল—‘চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে মানববন্ধন’। শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। সেখানে লেখা কয়েকটি স্লোগান হলো— ‘নেতা হতে আসি নাই, নিরাপদ সড়ক চাই’, ‘ও আমার দেশের মাটি, তোমার প’রে ঠেকাই মাথা, কী করে ঠেকাই মাগো, ট্রাকের চাপা পিষছে মাথা’, ‘গণপরিবহনে হাফ ভাড়া চাই’।

পরে শিক্ষার্থীরা মিছিল করতে করতে আন্দরকিল্লায় গিয়ে তাঁদের কর্মসূচি শেষ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ছোট একটা জমায়েত ছিল। অল্প সময়ের জন্য জমায়েত করে তারা চলে গেছে।