চট্টগ্রাম অঞ্চলের তিনটি রেলপথে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক গতকাল দুপুরে চট্টগ্রাম স্টেশনে ডেমুর উদ্বোধন করেন। এ সময় আরও দুজন মন্ত্রী উপস্থিত ছিলেন।উদ্বোধনের পর গতকাল চট্টগ্রাম-লাকসাম ও চট্টগ্রাম-ফৌজদারহাট রেলপথে ডেমু চলেছে। প্রতিদিন চট্টগ্রাম-ফৌজদারহাট রেলপথে ডেমু দুবার যাত্রী পরিবহন করবে। চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন সকাল আটটা ১০ মিনিটে এবং বিকেল সাড়ে চারটায় এটি ছাড়বে। এই রেলপথে ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলপথে মাসিক হারে ভাড়া দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।চট্টগ্রাম স্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ এ বি এম আবুল কাশেম, রেলসচিব আবুল কালাম আজাদ ও রেলের মহাপরিচালক মো. আবু তাহের।বরখাস্তের আদেশ প্রত্যাহার হবে: ৭ মে চট্টগ্রাম স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি কোচে আগুন দেওয়ার ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া স্টেশনমাস্টারসহ চারজনের বরখাস্তের আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী।ছাত্রলীগের দুর্ব্যবহার: চট্টগ্রাম স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে গতকাল শনিবার দুর্ব্যবহার করেছেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা এ সময় উপস্থিত সাংবাদিকদের শারীরিকভাবে নাজেহালের চেষ্টা করেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি শান্ত করেন।