চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ৪১টি সোনার বার উদ্ধার করেছে ঢাকার শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। উদ্ধার হওয়া সোনার ওজন ৪১০ তোলা। সোনা চোরাচালানের ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের রাজস্ব কর্মকর্তা এ এস এম জাকির হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের দাম দুই কোটি ৪৬ লাখ টাকা। মালিকবিহীন অবস্থায় পাওয়া গেলেও এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের হবে।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, দুবাই থেকে বিমানে করে চোরাই সোনার বার পাচারের খবরে গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান ঢাকার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। অধিদপ্তরের উপপরিচালক তাসনিমুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন। গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর যাত্রীরা নেমে যায়। এরপর দলটি বিমানের মালামাল রাখার বাক্সের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় থলেভর্তি সোনার চালানটি জব্দ করে।