ভোলার চরফ্যাশনের চর মাদ্রাজের পাঁচটি পয়েন্টে ১৯৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে উপজেলার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে অনেক গবাদিপশু ও পুকুরের মাছ। গত শুক্রবার দুপুরে জোয়ারের প্রবল চাপ ও বাতাসের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের চর নিউটনের দুটি, মফিজাবাদের দুটি ও মোহাম্মদপুরের একটি পয়েন্টে বাঁধ ভেঙে জোয়ারের পানি ভেতরে ঢুকে। এতে আছলামপুর ও চর মাদ্রাজ ইউনিয়নের ১০টি গ্রাম পানিতে তলিয়ে যায়।চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুদ্দিন জানান, জোয়ারের পানিতে ইউনিয়নের কয়েক হাজার পুকুর ও ২০০ মৎস্য প্রকল্পের মাছ ভেসে গেছে। চর পাতিলার সাইদুল হক মুন্সি জানান, চরের অধিকাংশ কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং অনেক গরু, মহিষ ও ছাগল ভেসে গেছে।চরফ্যাশন পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের প্রস্তুতি চলছে।