চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র রাখার দায়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত ব্যক্তি সেলিম রেজা ওরফে হারুন মিস্ত্রি (৩৫) সদর উপজেলার জোহুরপুর বেলপাড়া (বকরীপাড়া) গ্রামের দুরুল হোদার ছেলে।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) আঞ্জুমান আরা বেগম জানান, ২০০৯ সালের ৮ জুলাই জোহুরপুর বেলপাড়া গ্রামে জেএমবির সক্রিয় সদস্য সেলিম রেজার বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয়টি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করেছিল র্যা ব-৫। সেলিমের স্বীকারোক্তি অনুযায়ী পরদিন একই গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে লুকানো অবস্থায় ৬টি ওয়ান শুটার গান ও ১০টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই সদর থানায় র্যা ব-৫ রাজশাহীর উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সেলিমকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শাহীন আকন্দ ২০০৯ সালের ৬ আগস্ট অভিযোগপত্র দাখিল করেন। বিচার শেষে গতকাল আদালত ওই রায় ঘোষণা করেন।