চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চকপাড়া গ্রামে বোমা হামলায় বাইতুল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁরা হলেন শফিকুল ইসলাম, বিজলী বেগম এবং আবু তালেব। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ওই গ্রামের মঞ্জুর হোসেনের সঙ্গে তাঁর দুই ছেলে ফারুক হোসেন ও আবদুর রহিমের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ফারুক হোসেন ও আবদুর রহিম মঙ্গলবার রাতে তাঁদের আরেক ভাই শফিকুল ইসলামকে লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপ করেন। এ সময় শফিকুল ইসলামের পাশে থাকা একই গ্রামের বাইতুল নামের ওই শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় শফিকুল ইসলাম (৪৭) ছাড়াও তাঁর স্ত্রী বিজলী বেগম (৩৫) এবং আবু তালেব (১২) নামে এক শিশু আহত হয়।