চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ২১ জওয়ানের বিরুদ্ধে গতকাল রোববার অভিযোগ গঠন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১২-এ এই অভিযোগ গঠন করা হয়।বিশেষ আদালতের বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। তাঁকে সহযোগিতা করেন লে. কর্নেল মো. খালিদ হোসেন ও লে. কমান্ডার তৌহিদুল ইসলাম।আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শশাংক শেখর সরকার। কৌঁসুলির দায়িত্ব পালন করেন ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু। বিশেষ কৌঁসুলি ছিলেন মঞ্জুর আলম ও রেজাউল করীম।সকালে আদালতের কার্যক্রমের শুরুতেই অভিযোগ গঠন করে ২১ আসামিকে পড়ে শোনানো হয়। এরপর চার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযুক্তদের মধ্যে ছয়জন দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চান।