চার করাতকল মালিকের জরিমানা

বগুড়ার শেরপুরে গতকাল সোমবার চারটি করাতকলের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি অনুমোদন না নিয়ে করাতকল চালানোর দায়ে তাঁদের ওই জরিমানা করা হয়। এ ছাড়া ফুটপাতে ব্যবসা করায় আরও দুই ব্যবসায়ীকে ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান ওই আদালত পরিচালনা করেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, বটতলায় ভাই ভাই করাতকল, কাজীপুর করাতকল, ধর্মকামের আরিফ ফার্নিচার অ্যান্ড করাতকলের মালিককে পাঁচ হাজার টাকা করে ও খন্দকারটোলার মাজারগেটে সেতু ফার্নিচার অ্যান্ড করাতকলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতের ওপর ব্যবসা করায় স্থানীয় আঁখিমুনি হোটেল ও মাংস বিক্রেতা মো. ফসি শেখকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।